চাঁদাবাজি-ছিনতাইয়ের মামলায় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলায় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিনকে (২৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতের বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২ মার্চ রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি রংপুর নগরীর আলমনগর খামারপাড়া এলাকার হেলাল আহমেদের ছেলে ব্যবসায়ি নাজমুল সাকিব (২২) স্থানীয় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিন তার কয়েকজন সহযোগীসহ সাকিবকে জোরপূর্বক তুলে নিয়ে যান। তারা সাকিবকে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের পুকুর পাড়ে নিয়ে মারধর করে তার কাছে থাকা ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেন।
ওই ঘটনায় পরেরদিন ২৭ ফেব্রুয়ারি ব্যবসায়ি সাকিব বাদী হয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে রবিনসহ আরও ৩ সহযোগীর নামে তাজহাট থানায় মামলা দায়ের করেন। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে রবিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। রবিনের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন।