চুয়াডাঙ্গায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, কারাগারে মাদ্রাসা পরিচালক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গার দর্শনায় ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় মাদ্রাসার পরিচালককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে মাদ্রাসার পরিচালক গোলাম কিবরিয়াকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিকেলে চুয়াডাঙার সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট জোহরা খাতুন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুপুর ১টার দিকে ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাবা দর্শনা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৪ মার্চ সকালে গোলাম কিবরিয়া বেলা ১১ টার দিকে ওই শিশু শিক্ষার্থীকে বাসায় ডেকে ধর্ষণ করেন। তিনি ঘটনাটি কাউকে না বলতে শিশুটিকে হুমকিও দেন।

গত ৫ এপ্রিল শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি সে তার এক সহপাঠী জানায়। এরপর ওই সহপাঠী শিশুটির কাছ থেকে পরিবার ঘটনাটি জানতে পারে।

ওই শিশুর বাবা জানান, ঘটনাটি জানার পর বৃহস্পতিবার দুপুরে তিনি মাদ্রাসায় যান। কিন্তু তাকে দেখে মাদ্রাসার পরিচালক গোলাম কিবরিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম কিবরিয়া ওই শিশুটিকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।