চোরকে চিনে ফেলায় শ্বাসরোধে হত্যা করা হয় অটোরিকশা মালিককে
গাজীপুরের শ্রীপুরের সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশা মলিক ও চালক আনোয়ার হোসেন আনুকে (৫০) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। গতকাল ময়মনসিংহের ভালুক ও ধোবাউড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন।
গ্রেপ্তার ৩ জন হলেন- রুহুল আমিন (২৪), আব্দুর রহিম (৩৪) এবং শরিফ আহমেদ (৩৫)। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু জাফর মোল্লা জানান, মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে সোমবার দিনব্যাপী ময়মনসিংহের ভালুকা এবং ধোবাউড়া উপজেলা এলাকায় পৃথক অভিযানর চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশা চুরি করে। এসময় শব্দ পেয়ে মালিক আনোয়ার হোসেনের ঘুম ভেঙে গেলে তিনি রুহুল আমিনকে চিনে ফেলেন। পরে রুহুল ও তার সঙ্গে থাকা অপর ২ আসামি আনোয়ারের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামে থেকে চুরি করা অটোরিকশাটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, 'নিহতের ছেলে গতকাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।'
উল্লেখ্য, গত ১০ এপ্রিল দিবাগত রাতে আসামিরা উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের আনোয়ার হোসেন আনুকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।