জাবি শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ: ২ দোকান-কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সাভার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে করা মামলায় সাভারের একটি শপিংমলের ২ দোকান-কর্মচারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মঈনুল বলেন, 'জাবির ২ শিক্ষার্থীকে দোকানের ভেতরে ঢুকিয়ে শাটার বন্ধের চেষ্টা ও অশালীন আচরণের অভিযোগে সাভার নিউমার্কেটের মেস্ট্রো নামের একটি দোকানের ২ কর্মচারী শাহীন (২৭) ও সাইফুল ইসলামকে আজ সকালে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।'

গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে জানিয়ে মঈনুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী ২ শিক্ষার্থীর মধ্যে একজন বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ভুক্তভোগী এক শিক্ষার্থী ডেইলি স্টারকে জানান, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাভার নিউমার্কেটে কেনাকাটার জন্য তারা দুইজন মেস্ট্রো নামের দোকানে যান। দোকানের ভেতরে ছিলেন কর্মচারী শাহীন ও সাইফুল। ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যে দোকানের শাটার বন্ধের শব্দ পান তারা। এ সময় তারা চিৎকার শুরু করলে অভিযুক্তরা তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। তখন আশপাশের দোকানীরা এগিয়ে আসলে তারা বেরিয়ে যান।

ভুক্তভোগী ২ শিক্ষার্থীর দাবি, অভিযুক্তরা তাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করেছেন তা যৌন হয়রানির সামিল।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।