জায়েদ-নিপুণকে স্থিতাবস্থা কঠোরভাবে মানতে আপিল বিভাগের নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে থাকার বিষয়ে চেম্বার বিচারকের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান ও নিপুণ আক্তারকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আজ সোমবার নিপুণ আক্তারের বিরুদ্ধে জায়েদ খানের করা আদালত অবমাননার আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালত অবমাননার আবেদনটি ৪ সপ্তাহের মুলতবি (স্ট্যান্ড অভার) রাখা হয়েছে। সর্বোচ্চ আদালত বলেছেন, এই সময়ের মধ্যে কেউ চাইলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করতে পারেন।

আজ শুনানিতে জায়েদ খানের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম এবং নিপুণ আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বাতিলের ঘোষণা এবং অভিনেত্রী নিপুণ আক্তারকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করাকে 'অবৈধ' বলে হাইকোর্টের দেওয়া রায় গত ৬ মার্চ সুপ্রিম কোর্ট চেম্বার বিচারক ৪ সপ্তাহের জন্য স্থগিত করেন।

আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান জায়েদ ও নিপুণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল থাকার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে নিপুণের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এ আদেশ দেন।

ওই দিন জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেছিলেন, সুপ্রিম কোর্টের চেম্বার বিচারকের দেওয়া স্থিতাবস্থা অনুযায়ী তার মক্কেল সাধারণ সম্পাদক পদে থাকবেন। কেননা, তিনি ইতোমধ্যে এই পদে অধিষ্ঠিত হয়েছেন এবং কাজ শুরু করেছেন।

বিপরীতে নিপুণের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের এখন কোনো কার্যকারিতা না থাকায় তার মক্কেল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

এর আগে, সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ায় গত ২৪ ফেব্রুয়ারি নিপুণের বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান।