চট্টগ্রাম

জিল্লুর ভাণ্ডারী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৭ বছর আগে জিল্লুর ভাণ্ডারী হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত মামলার সব রেকর্ড ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহীদুল ইসলাম খোকন ও ইসমাইল। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আবু, কামাল, জসীম, তোতা মিয়া, নাসির ও সুমন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে খোকন রায় ঘোষণার সময় উপস্থিত থাকলেও বাকিরা পলাতক আছেন।

এ ছাড়া, বিচার চলাকালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় আদালত আরও ৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার।

রায়ের পর আইনজীবী আব্দুস সাত্তার দ্য ডেইলি স্টারকে বলেন, এই রায়ে বাদীপক্ষ খুশি হলেও অন্য পাঁচ আসামির খালাসের বিরুদ্ধে আমরা আপিল করব।

তিনি অভিযোগ করেন, 'মামলার প্রথম তদন্ত কর্মকর্তা (আইও) ২ প্রধান আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছেন এবং এমনকি তিনি আসামিদের বিরুদ্ধে আগের মামলাগুলোর কথাও উল্লেখ করেননি।'

মামলার বিবরণীতে বলা হয়, আসামি ইসমাইলের সঙ্গে ভিসা সমস্যার শত্রুতার জের ধরে ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে জিল্লুর রহমান ওরফে জিল্লুর ভাণ্ডারীকে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত।

এ হত্যাকাণ্ডের পর নিহতের ছোট ভাই মো. আজিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশের সিআইডি ইউনিট ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পরে চট্টগ্রামের একটি আদালত ২০১৯ সালের ২৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২৫ জন সাক্ষীর মধ্যে এই মামলায় মোট ২৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন।