জি কে শামীমের মায়ের জামিন হাইকোর্টে নামঞ্জুর

স্টার অনলাইন রিপোর্ট

২৯৭ কোটি টাকার দুর্নীতির মামলায় জি কে শামীমের মা আয়েশা আক্তারের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে, আদালত কারা কর্তৃপক্ষকে ১০ দিনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আয়শা আক্তারের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া, দুর্নীতি মামলায় ৮৫ বছর বয়সী আয়েশাকে কেন জামিন দেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারকে জিজ্ঞাসাবাদ করে রুল জারি করা হয়েছে।

আয়েশার আইনজীবী এবিএম আলতাফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, তার মক্কেল বিভিন্ন রোগে ভুগছেন। হাইকোর্টের আগের নির্দেশনা অনুযায়ী ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করেছিলেন তিনি। কিন্তু নিম্ন আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছিলেন।   

আয়বহির্ভূত ২৯৭ কোটি টাকার সম্পদ থাকার অভিযোগে আয়েশার বিরুদ্ধে ২০১৯ সালের ২১ অক্টোবর ঢাকার সম্মিলিত কার্যালয়ে দুদক মামলাটি করে।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল গণপূর্ত বিভাগের প্রভাবশালী ঠিকাদার এবং বহিষ্কৃত যুবলীগ নেতা শামীমকে চাঁদাবাজি ও টেন্ডার কারচুপির অভিযোগে গ্রেপ্তার করে। তার দেহরক্ষীদেরও গ্রেপ্তার করা হয়।

জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। জামিন আবেদনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী একেএম ফজলুল হক।