জুয়ার টাকা জোগাড় করতে জুয়েলারির মালিককে হত্যা করে ২ কর্মচারী
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অমর চন্দ্র সরকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গত ২১ ফেব্রুয়ারি রাতে জবাই করে হত্যা করে তার বর্তমান ও সাবেক দুই কর্মচারী। পুলিশ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করে আজ এই তথ্য জানিয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার মো. মিলন মাহমুদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, অমর চন্দ্র সরকারের স্বর্ণালঙ্কারের দোকানের কর্মচারী জয় বিশ্বাস প্রকাশ অনিক (২২) ও সাবেক কর্মচারী হৃদয় সূত্রধর (২২) ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া খেলতেন। এর জন্য তাদের আড়াই লাখ টাকা প্রয়োজন ছিল। এই টাকা জোগাড় করতেই তারা এক মাস আগের পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডটি ঘটান। তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ সুপার বলেন, অনিক এবং হৃদয় দুজনেই দোকানের কর্মচারী। হৃদয় এক বছর আগে দোকানের কাজ ছেড়ে দেয়। তারা আইপিএল, বিপিএলসহ বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে জুয়া খেলত। তারা জানত অমর চন্দ্র সরকার রাতে দোকান বন্ধ করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে বাড়ি ফিরতেন। স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতে তারা এক মাস আগে হত্যার পরিকল্পনা করে। ঘটনার রাতে অমর চন্দ্র সরকার দোকান বন্ধ করে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে সুযোগ বুঝে বাড়ির উঠোনেই দুজনে মিলে অমরকে হত্যা করে।
এই ঘটনায় অমর চন্দ্র সরকারের বাবা রবি ভক্ত বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা করেন।
এ ঘটনায় প্রথমে অনিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অনিক হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য থেকে হৃদয় সূত্রধরকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা হ্যান্ডস্লাভস, স্বর্ণালংকার রাখার কাপড়ের হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়।