জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে কি না আদেশ ১৩ এপ্রিল

স্টার অনলাইন রিপোর্ট

হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের করা আপিলের ওপর আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্ট আদেশ দেবেন। হাইকোর্টের ওই আদেশে নিম্ন আদালতে দুর্নীতির মামলার বিচার কার্যক্রম চলতে বাধা নেই জানানো হয়েছিল।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জোবাইদা রহমানের আপিলের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন।

২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় জ্ঞাত আয় বহিরর্ভূত সম্পদ অর্জনের অভিযোগে লন্ডনে অবস্থানরত তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৯ সালের ৩১ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিন জনের বিরুদ্ধে চার্জশিট দেন।

জোবাইদার আবেদনের পরিপ্রেক্ষিতে, ২০০৯ সালের ৮ এপ্রিল হাইকোর্ট তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে এবং কেন তার বিরুদ্ধে মামলা বাতিল করা হবে না তা জানতে চেয়ে দুদককে রুল জারি করে।

রুলের ওপর শুনানি শেষে, হাইকোর্ট ২০১৭ সালের ১২ এপ্রিল আবেদন খারিজ করে, স্থগিতাদেশ প্রত্যাহার করে এবং জোবাইদা রহমানকে দুর্নীতির মামলায় আট সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন।

বিচারিক আদালতে আত্মসমর্পণ না করে জোবাইদা রহমান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল আবেদন করেন।

শুনানিতে জোবাইদা রহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।