জয়পুরহাটে কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওই ছাত্রীকে বাড়িতে রেখে তার ভাই ও ভাবি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার রাতে ওই ছাত্রী ২ ভাতিজিকে নিয়ে বাড়িতে ছিলেন। সকালে ভাতিজিদের চিৎকারে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে একটি ঘরে ওই ছাত্রীকে মৃত পড়ে থাকতে দেখেন।
পরিবারের অভিযোগ, কৌশলে বাড়িতে ঢুকে কেউ ওই কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে।
এ বিষয়ে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।'
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ আসার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।