ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: বিচারের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

ধর্ষণের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চুর (৪৫) গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মাবববন্ধন, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনের স্থানীয় লোকজন এসব কর্মসূচি পালন করেন।

আক্তারুজ্জামান বাচ্চু ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে গত ১২ জানুয়ারি ঢাকার খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভিকটিম।

তবে চেয়ারম্যানের সমর্থকদের দাবি ইউপি নির্বাচনে পরাজিত ব্যক্তিরাই চেয়াম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ভাড়াটে লোক দিয়ে বিক্ষোভ মিছিল করিয়েছে। ধর্ষণের অভিযোগ সাজানো দাবি করে এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানের সমর্থকরা মানববন্ধন করেছিল।

অভিযোগের বিষয়ে জানার জন্য ইউপি চেয়ারম্যান বাচ্চুর মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

তবে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. মাহবুব হাসান বলেন, ইউপি নির্বাচনে যারা পরাজিত হয়েছে তারাই বর্তমান চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা মামলা দিয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দেরকে শান্ত করে পাঠিয়ে দেন বলে জানান নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান। তবে এ বিষয়ে নলছিটি থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি।