ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ, ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিক্রি করা জমি নিয়ে কয়েক মাস ধরে ওই গ্রামের বজলু ফকিরের সঙ্গে একই গ্রামের নাসিম মোল্লার বিরোধ চলে আসছিল। আজ সকালে বিরোধপূর্ণ ওই জমির ফসল নষ্ট করে সেখানে চাষ করেন বজলু ফকিরের লোকজন। এতে বাঁধা দিলে নাসিম মোল্লাকে মারধর করেন তারা। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।'