টাকা তুলতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর নারীর মরদেহ উদ্ধার
রংপুরে ব্যাংক থেকে ডিপিএসের টাকা তোলার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রাহেলা বেগম (৩৫) নামের এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার ৫ দিন পর আজ রোববার দুপুরে গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাহেলা রংপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন বাহাদুরসিং এলাকার মৃত আহেদ আলীর স্ত্রী। তিনি কৃষি গবেষণা কেন্দ্রের পাশে চ্যাংমারী এলাকায় বসবাস করতেন।
রাহেলার পরিবারের সদস্যরা জানান, তার একমাত্র ছেলে রায়হান (১৭) ঢাকায় চাকরি করেন। স্থানীয় একটি জুট মিলে চাকরি করতেন তিনি। গত বুধবার জমি কেনার জন্য পূবালী ব্যাংকের জাহাজ কোম্পানি মোড় শাখা থেকে টাকা তুলতে বাসা থেকে বের হন রাহেলা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এর পরিপ্রেক্ষিতে শনিবার রাহেলার বড় ভাই গঙ্গাচড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার মাথা থেতলানো ছিল। পেটে আঘাতের চিহ্ন আছে।
আরিফ হোসেন বলেন, 'ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। আশা করছি খুব দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।'