টাঙ্গাইলে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ থাকা এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চায়না আক্তার (৩০) বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার নিজ বাড়িতে ইফতার করার পর থেকে নিখোঁজ ছিলেন চায়না।

আজ সকালে স্থানীয়রা বাড়ির পাশের জঙ্গল থেকে দুর্গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে চায়নার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, 'খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে জানা যাবে, কারা এবং কেন তাকে হত্যা করেছেন।'