টাঙ্গাইলে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নেশা করার জন্য টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাস‌রো‌ধ করে হত্যার অভিযোগে স্বামীকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।‌

আজ বুধবার সকা‌লে পৌর এলাকার ভাড়া বাসা ওই নারীর মর‌দেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া (২১) ভুঞাপুর পৌরসভার ঘাটা‌ন্দি এলাকার মো. রু‌বেল হো‌সে‌নের স্ত্রী।

আটক রুবেল ঘাটাইল উপজেলার গৌ‌রিশ্বর গ্রামের শুক্কর আলীর ছে‌লে এবং সুমাইয়া গোপালপুর উপজেলার বরশিলা গ্রামের ইউসুফ আলীর মে‌য়ে।

স্থানীয়রা জানান, একমাস আগে ঘাটান্দিতে বাসা ভাড়া নেন হো‌টেল শ্রমিক রু‌বেল। তার স্ত্রী সুমাইয়া গৃহপরিচারিকার কাজ কর‌তেন। এই দম্পতির দেড় বছরের একটি কন্যাশিশু রয়েছে।

নিহত সুমাইয়ার মা শারমীন বেগম বলেন, 'রু‌বেল হোটেলে কাজ করে যে টাকা আয় করে তা দিয়ে নেশা কর‌তো। এটা নি‌য়ে প্রতি‌নিয়ত সুমাইয়ার সঙ্গে তার ঝগড়া হ‌তো। গতকাল নেশা করার টাকার জন্য সুমাইয়া‌কে সে চাপ দেয়। সুমাইয়া টাকা দি‌তে রাজি না হওয়ায় তা‌কে শ্বাস‌রো‌ধে হত‌্যা করে রুবেল।'

বাসার মালিক তারা তালুকদার বলেন, 'গভীর রা‌তে রু‌বেল ঘর থে‌কে বের হ‌য়ে জানায় তার স্ত্রী মারা গে‌ছে। প‌রে আশেপা‌শের বাসিন্দাদের খবর দেওয়া হয়। সকা‌লে পু‌লিশ এসে নিহ‌তের মরদেহ উদ্ধার করে।'

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, 'সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।'