টাঙ্গাইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার রায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. মাজেদুর রহমান (২৬) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহম্মেদ জানান, ২০২০ সালের ৯ অক্টোবরে বিকাল ৫টার দিকে মিরপুর মধ্যপাড়া গ্রামের মাজেদুর ওই শিশুকে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা জানাজানির ভয়ে মাজেদুর মেয়েটিকে গলা টিপে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করেন এবং পাশের একটি ঝোপে তার মরদেহ ফেলে দেন।
পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ মাজেদুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ওই শিশুকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।
এ ঘটনায় ওই দিনই শিশুটির বড় ভাই সানি আলম বাদী হয়ে মাজেদুরকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। পরবর্তীতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন মাজেদুর।