টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে এক স্কুলছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ আদেশ দেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহম্মেদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস, ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ ওরফে হৃদয় এবং মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান।
রায়ে দোষী সাব্যস্ত না হওয়ায় মেহেদী হাসান টিটুকে খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২ আগস্ট সকাল ১১টার দিকে নানির বাড়ি যাওয়ার কথা বলে গোপালপুর উপজেলার ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে ভূঞাপুর উপজেলার বীরবরুয়া গ্রামের তারাকান্দি-ভূঞাপুর সড়কের পাশে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। সেসময় প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পরবর্তীতে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে।
এরপর ২০২১ সালের ৬ আগস্ট ওই ছাত্রীর বাবা খোকন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম উঠে আসে।