টিপু-প্রীতি হত্যা: আরও ২ আসামি ৫ দিনের রিমান্ডে
রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় আরও দুই আসামিকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
তারা হলেন, মো. নাসির হোসেন মানিক (৪৭) ও মো. মারুফ খান (২৮)।
গতকাল রাজধানীর মুগদা ও শাহজাহানপুর থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্তকদের মহানগর হাকিম মো. আশেক ইমামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ডের আবেদনে ওসি বলেন, দুই মাস আগে মতিঝিলের রূপালী ক্লাবে টিপুকে হত্যার একটি মিটিং হয়েছিল যেখানে তারা দুজন উপস্থিত ছিলেন। তাই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বের করতে এবং এই ধরনের অপরাধের জন্য দায়ী অন্যদের গ্রেপ্তারে তাদের রিমান্ডে নেওয়া দরকার।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার আসামি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক; আবু সালেহ সিকদার; নাসির উদ্দিন ওরফে কিলার নাসির; মোরশেদুল আলম ওরফে কায়লা পলাশ এবং আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান ওরফে দামাল-কে এর আগে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।