টিপ পরায় হয়রানি: প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি
কপালে টিপ পরায় রাজধানীর ফার্মগেট এলাকায় কলেজশিক্ষককে কনস্টেবলের হয়রানির ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে এ বিষয়ে গঠিত পুলিশের তদন্ত কমিটি।
আজ শুক্রবার তদন্ত কমিটির সদস্য তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-তেজগাঁও) স্নেহাশীষ কুমার দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গতকাল রাত সাড়ে ১১টায় কমিশনার কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে এখন এ ব্যাপারে বিস্তারিত বলতে পারছি না। পুলিশ কমিশনার শিগগির এ বিষয়ে ব্রিফ করবেন।'
গত শনিবার সকাল সাড়ে ৮টায় তেজগাঁও কলেজের পাশে মোটরবাইকে পুলিশের পোশাক পরা একজন টিপ পরার কারণে হয়রানি করেছেন এবং এর প্রতিবাদ করতে গেলে পায়ের পাতার উপর দিয়ে বাইক চালিয়ে আহত করেছেন বলে অভিযোগ করেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় জিডি করেন তিনি। পরে এ ঘটনায় জড়িত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চিহ্নিত করা হয় এবং সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া, এ ঘটনায় ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
নাজমুল তারেক ঢাকা মেট্রোপলিটনের প্রোটেকশন ডিভিশনে কর্মরত ছিলেন।