ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রতিবেশী ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, 'গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।'

গ্রেপ্তারকৃত নাঈম উদ্দীন শরিফ (২২) সদরের জগন্নাথপুর ইউনিয়নের মঈন উদ্দীনের ছেলে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় নাঈমকে আসামি করা হয়।

মামলার বরাত দিয়ে ওসি তানভিরুল ইসলাম বলেন, 'গতকাল বিকেল ৪টার দিকে প্রতিবেশী ওই কন্যাশিশুটি নাঈমের বাড়িতে আসে। এ সময় শিশুটিকে নাঈম তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশেপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে।'

তিনি জানান, রাত ১১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাঈম ঘটনার সত্যতা স্বীকার করেছে।

ইতোমধ্যে শিশুটির ডাক্তারি পরীক্ষা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।