ডাকাতিকালে হত্যার পর চট্টগ্রামে পালিয়ে যান লাইলী, ৭ বছর পর গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে লাইলী (২৫) নামে হত্যা মামলার এক আসামি ও 'ডাকাত দলের সদস্যকে' গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শুক্রবার র্যাব-৭ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়।
এর আগে গতকাল অভিযান চালিয়ে লাইলীকে আটক করে র্যাব। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। লাইলীর স্বামীর নাম নজরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানাধীন বীর কামাটখালী গ্রামে।
র্যাব জানায়, ২০১৫ সালে কিশোরগঞ্জের সদর থানা এলাকায় ১০-১২ সদস্যের একটি ডাকাত দল একটি বাড়িতে ডাকাতি করে। বাড়ির মালিক ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য সে সময় উপস্থিত ছিল না। ডাকাত দল বাড়ির মালিককে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করে। ওই ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়।
পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে এবং আদালতে ১০ ডাকাতের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। তাতে লাইলীকে অন্যতম আসামি করা হয়। ঘটনার পরপরই ডাকাত দলের সক্রিয় সদস্য লাইলী নিজ এলাকা ছেড়ে চট্টগ্রামে এসে বসবাস শুরু করে। গত ৭ বছর ধরে তিনি চট্টগ্রামেই বসবাস করে আসছিলেন, জানায় র্যাব।
সংস্থাটি আরও জানায়, গতকাল র্যাব-৭, চট্টগ্রামের একটি দল অভিযান চালিয়ে লাইলীকে আটক করে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।