ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২ মামলায় নুসরাত শাহরিনের জামিন আবেদনের রায় ১৩ মার্চ
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো ও মাদক বহনের অভিযোগে করা ২ মামলায় নুসরাত শাহরিন রাকার জামিন আবেদনের রায় আগামী ১৩ মার্চ দেবেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনিরকে এ সময়ের মধ্যে মামলা দুটির চার্জশিট জমা দিতে বলেছেন আদালত।
নুসরাত শাহরিন বিদেশে অবস্থানরত সাংবাদিক কনক সারওয়ারের বোন।
এর আগে গত ২৫ জানুয়ারি জামিন আবেদনের শুনানিতে হাইকোর্ট বেঞ্চ নুসরাতকে জামিন দেননি।
তবে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় নুসরাত শাহরিনকে কেন জামিন দেওয়া হবে না, ১ সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছিলেন আদালত।
রুলের শুনানির সময় মাদক মামলায় তার জামিনের আবেদনের সুরাহা করা হবে বলেও জানিয়েছিলেন আদালত।
আজ নুসরাত শাহরিনের পক্ষে শুনানি করে আইনজীবী জয়নুল আবেদীন ও জেড আই খান পান্না।
তারা আদালতকে বলেন, আবেদনকারী কোনো অপপ্রচারে জড়িত নন। ৩ সন্তানের মা নুসরাত দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি আছেন এবং মামলাগুলো থেকে তাকে জামিন দেওয়া যেতে পারে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির তীব্রভাবে জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, নুসরাত রাষ্ট্র ও প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে গত বছরের ৪ অক্টোবর দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল উত্তরা থেকে নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, মানহানিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত ছিলেন বলে র্যাবের দাবি।
একই দিন তার বিরুদ্ধে উত্তরা থানায় দুটি মামলা করা হয়।
