ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাবি শিক্ষক হাফিজুরের স্থায়ী জামিন
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে স্থায়ী জামিন দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার হাফিজুর রহমান তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন।
এর আগে ৩ ফেব্রুয়ারি আত্মসমর্পণের পর হাইকোর্ট তাকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গত বছরের ১ আগস্ট বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
অমিত ভৌমিক উল্লেখ করেন, ফেসবুক পোস্টটি ছিল নোংরা এবং অপমানজনক। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সারাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা আঘাতপ্রাপ্ত হয়েছেন।
বাদী বলেন, অসাম্প্রদায়িক দেশে সরকারকে বিব্রত করতে এবং ধর্মীয় সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে অধ্যাপক কার্জন এই পোস্ট দিয়েছিলেন।
এর আগে ঢাবি অধ্যাপক দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, পোস্টটি ছিল স্যাটায়ার। যখন তিনি বুঝতে পারেন এই পোস্টের কারণে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, তখন পোস্টটি সরিয়ে ফেলেন। অন্য আরেকটি পোস্টে ক্ষমাও চান তিনি।