ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশুবক্তা’ রফিকুলের বিচার শুরু

স্টার অনলাইন রিপোর্ট

মতিঝিল থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন অভিযোগ পড়ে শোনালে রফিকুল ও মামলার আরেক আসামি মাহমুদুল হাসান নিজেদের নির্দোষ দাবি করেন এবং মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। মাহমুদুল হাসান বর্তমানে জামিনে বাইরে আছেন।

এর আগে মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিদের করা আবেদন খারিজ করে দেন আদালত। ট্রাইব্যুনাল আগামী ৩০ মার্চ এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

গত ২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তদন্তকারী কর্মকর্তার দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। তাতে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, বাকি ৩ আসামির সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

পুলিশের গোয়েন্দা শাখার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রেজাউল করিম গত বছরের ৬ নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

গত বছরের ৮ এপ্রিল সৈয়দ আদনান শান্ত নামে একজন ৫ জনের নামে মামলা দায়ের করেছিলেন।