ডেমরায় পুলিশ সদস্যসহ ৮ জনকে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার-টাকা লুট
রাজধানীর ডেমরা এলাকায় এক পুলিশ সদস্যকে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাত দল। গতকাল সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানিয়েছেন, ভোররাত আনুমানিক ৩টার দিকে ডেমরা বালুর মাঠ এলাকায় দরজা ভেঙে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক সুমনের বাসায় প্রবেশ করে ডাকাত দল। তারা পরিবারের ৮ সদস্য ও আত্মীয়দের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর পুলিশ সদস্যসহ সবাইকে বেঁধে রেখে ৭ তোলা ওজনের স্বর্ণালঙ্কার এবং ৫ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল আনুমানিক ৪০ মিনিট বাসায় ছিল এবং পুলিশ সদস্যকে শারীরিকভাবে নির্যাতন করেছে।
এসআই সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, ৫ থেকে ৬ জন বাসার ভেতরে প্রবেশ করেছিল, বাকিরা বাইরে ছিল। যাওয়ার আগে আমাদের সবাইকে তারা একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে যায়।
তারা বারবার পুলিশ সদস্যের পরিচয় জানতে চাচ্ছিলেন, তবে সুমন নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দেন।
সুমন আরও বলেন, যাওয়ার সময় তারা হুমকি দেন যেন আমরা মামলা না করি; মামলার কারণে কারাগারে যেতে হলে জামিনে মুক্ত হয়েই পরিবারের সদস্যদের ক্ষতি করবে।
নাসির উদ্দিন জানান, সুমনের স্ত্রী ফারজানা আফরোজ ডেমরা থাকায় মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।