ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কসকা বাজার এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
আজ সকাল ১০টার দিকে অভিযুক্ত ইসমাইল হোসেন তারেক (২৫)কে গ্রেপ্তার করা হয়।
ইসমাইল চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার রবিউল হকের ছেলে।
চাঁদাবাজির সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। তাকে ফেনী সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কসকা বাজার এলাকায় নিজেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করা হচ্ছে মর্মে কয়েকজন চালকের মৌখিক অভিযোগের ভিত্তিতে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনা জানতে পারে। বেলা ১০টার দিকে পুলিশ সেখানে যায়। তখনও এক যুবক সেখানে হাত তুলে চলন্ত গাড়ি থামিয়ে নিজেকে পুলিশের লোক পরিচয়ে চাঁদাবাজি করছিল। পরে হাইওয়ে পুলিশ তাকে আটক করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁঞা জানান, এ ঘটনায় মামুন হোসেন নামে একজন ট্রাকচালক বাদি হয়ে ফেনী সদর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা করেছেন। অভিযুক্তকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।