তালের রসের দাম নিয়ে সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে তালের রসের দাম নিয়ে কথা কাটাকাটির জেরে মারপিট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত এক জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শরীফাবাদ বাজারে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তালের রস বেচা কেনাকে কেন্দ্র করে বিক্রেতা ও ক্রেতার মধ্যে কথা কাটাকাটির হয় স্থানীয় কয়েক তরুণের। পরে তরুণরা ওই রস বিক্রেতাকে মারধর করে।

তালের রস বিক্রেতা স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও গত ইউপি নির্বাচনে চেযারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ফিরোজুর রহমান ওরফে নিরু খলিফার (৪৫) কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ফিরোজুর রহমান ওই তরুণদের ধমক দেয়। এ ঘটনার জেরে ঘারুয়া ইউনিয়নের খারদিয়া, বিবিরকান্দা ও শরীফাবাদ গ্রামের দুই পক্ষের উত্তেজনা দেখা দেয়। এ সময় ফিরোজুর রহমান নিরু খলিফা (৪৫) হামলার শিকার হন।

পরে ফিরোজুর রহমানের সমর্থকরা প্রতিপক্ষের বোরহান ফরাজীকে (৩২) কুপিয়ে জখম করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শরীফাবাদ বাজারে বাজারের ৮টি দোকান ভাঙচুর করা হয়। পরের ভাঙ্গা থানার পুলিশ গিয়ে একটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পরিদর্শক তদন্ত শফিউল আলম বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।