ত্বকী হত্যাকাণ্ড: ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে আলোক প্রজ্বালন
তানভীর মুহাম্মদ ত্বকীর ঘাতকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের ডিআইটি আলী আহাম্মদ চুনকানগর পাঠাগার ও মিলনায়তনে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০৯ মাস উপলক্ষে ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়।
নিহত ত্বকীর বাবা ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বী বলেছেন, 'দেশে যদি বিচার ব্যবস্থা স্বাধীন থাকতো, তাহলে ত্বকী হত্যার বিচারের জন্য এতদিন অপেক্ষা করতে হতো না। কিন্তু, বিচার বন্ধ আছে। যখন তদন্তকারী সংস্থা র্যাব তাদের সংবাদ সম্মেলনে উল্লেখ করেছিল- ত্বকী হত্যার সঙ্গে ওসমান পরিবারের সদস্যসহ ১১ জন জড়িত, তখনই এ বিচারের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।'
তিনি বলেন, 'আমরা ত্বকী, আশিক, চঞ্চল, ভুলু, সাগর-রুনিসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচার করুন। আইনকে, বিচারকে, আদালতকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলার পথ তৈরি করুন।'
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, গণসংহতি আন্দোলন জেলার সভাপতি তরিকুল সুজন, সমমনার সভাপতি দুলাল সাহা, সাংস্কৃতিক জোটের সদস্য জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।
প্রসঙ্গত ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি ত্বকী। ২০১৩ সালের ৭ মার্চ (নিখোঁজের একদিন পর ও মরদেহ উদ্ধারের একদিন আগে) এ-লেভেল পরীক্ষার রেজাল্টে পদার্থবিজ্ঞানে ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছিল ত্বকী, যা সারাদেশে সর্বোচ্চ। এ ছাড়া, ও-লেভেল পরীক্ষাতেও সে পদার্থ বিজ্ঞান ও রসায়নে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল।
পরে ৮ মার্চ সকালে চাড়ারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়। ত্বকী হত্যা মামলার আসামিদের মধ্যে ৮ জনই পলাতক। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২ আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিন্তু, এ হত্যাকাণ্ডের ৯ বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয়নি। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।