ত্বকী হত্যা মামলায় ৫ আসামির হাজিরা, আজও তদন্ত প্রতিবেদন দেয়নি র‍্যাব

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় জামিনে থাকা ৫ আসামি আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়েছেন। তবে এ দিনও মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালতে আসামিরা হাজিরা দেন। শুনানি শেষে আদালত আগামী ২২ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

আজ হাজিরা দিয়েছেন-রিফাত বিন ওসমান, সুলতান শওকত ভ্রমর, ইউসুফ হোসেন লিটন, সালেহ রহমান সীমান্ত, তায়েবউদ্দিন আহমেদ জ্যাকি।

মামলার বাদি পক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলার তারিখ থাকায় জামিনে থাকা ৫ আসামি আদালতে হাজিরা দিয়েছেন। আদালত ২২ মার্চ পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।'

তদন্তকারী সংস্থা র‌্যাব প্রতিবেদন জমা দিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আদালত অনেক আগেই র‌্যাবকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে। কিন্তু সেটা কবে জমা দেবে, এমন কোন সময় বেঁধে দেওয়া হয়নি। র‌্যাব এখনো তদন্ত করছে বলেই গণমাধ্যমে বক্তব্য দিয়ে যাচ্ছে। তবে আজও আদালতে প্রতিবেদন জমা দেয়নি।'

প্রসঙ্গত ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে তানভীর মুহাম্মদ ত্বকী শহরের শায়েস্তাখান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ৮ মার্চ সকালে চাড়ারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়।

ত্বকী হত্যা মামলার আসামিদের মধ্যে ৮ জনই পলাতক। আর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ হত্যাকাণ্ডের ৮ বছর পার হলেও, এখন পর্যন্ত মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি।