থানা নেয়নি ধর্ষণের মামলা, ৫ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন
ধর্ষণের মামলা না নেওয়ায় ঢাকার হাতিরঝিল থানার ওসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন ওই ঘটনার ভিকটিম।
৩৩ বছর বয়সী ওই নারী আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলার আবেদন করেন। আবেদনে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ, পরিদর্শক মহিউদ্দিন ফারুক ও গোলাম আজম, এসআই শরিফুল ইসলাম ও চয়ন সাহাকে আসামি করা হয়েছে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ইস্তিয়ার আলম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুনানির পর বিচারক এ এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি নথিভুক্ত করেন। মামলা গ্রহণের ব্যাপারে আদালত পরে আদেশ দেবেন।
মামলার অভিযোগে বলা হয়— গত ১৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে হাতিরঝিল এলাকায় এক আত্মীয়ের বাসায় তানিম, জাভেদ ও জামাল নামের তিন জন তাকে ধর্ষণ করেন। ধর্ষণে সহযোগিতা করেন—পন্নি, ইউসুফ, তোফাজ্জল, রাকিবুল ও আলেয়া।
অভিযোগে আরও বলা হয়, ধর্ষণের পর চিকিৎসা নিয়ে তিনি ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় হাতিরঝিল থানায় মামলা করতে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ার পরও আব্দুর রশিদ, মহিউদ্দিন ফারুক, গোলাম আজম, শরিফুল ইসলাম ও চয়ন সাহা মামলা নিতে অস্বীকার করেন।