দুবাইতে মানবপাচার, উত্তরায় ৩ জন গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

চাকরির মিথ্যা তথ্য দিয়ে দুবাইয়ে নারী পাচার চক্রের ৩ সদস্যকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। এ সময় ৩ ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল-মোমেন আজ সোমবার এক ব্রিফিং এ সব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন-আজিজুল হক, মোসলেম উদ্দিন ও কাউছার। রোববার রাতে উত্তরার মলোভা রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব কর্মকর্তা আবদুল্লাহ আল-মোমেন জানান, এই চক্রটি এ পর্যন্ত প্রায় ৮০ জন নারীকে দুবাই পাচার করেছে।

এই চক্রের মূল হোতা মহিউদ্দিন ও শিল্পী দুবাই থাকে বলে জানান তিনি। নারীদের টুরিস্ট ভিসায় দুবাই নিয়ে যাওয়ার জন্য তারা বাংলাদেশে টাকা পাঠান।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে তারা নারীদের দুবাইয়ের বিভিন্ন কোম্পানি ও কারখানায় চাকরির কথা বলে সেখানে নিয়ে যায়।

দুবাইয়ে নিয়ে যাওয়ার পর নারীদের যৌনকর্মী এবং নাইট ক্লাবে কাজ করাতে বাধ্য করানো হয় বলে জানায় র‍্যাব।

লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল-মোমেন জানান, আজিজুল এই চক্রের বাংলাদেশের সমন্বয়ক। চক্রের আরও ৩ সদস্য নুর নবী, মঞ্জুর হোসেন ও তাহমিনা বেগম পলাতক।

তিনি বলেন, 'নারীদের নিয়োগের জন্য মহিউদ্দিন আজিজুলের কাছে টাকা পাঠাতেন। এছাড়াও দুবাইয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে পুরুষদের সঙ্গেও তারা প্রতারণা করেছে।'