দুর্নীতির মামলায় কাস্টমস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কাস্টম কর্মকর্তাকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ হুমায়ুন কবির বরিশালের মকবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম কাস্টমসের প্রিন্সিপাল এপ্রেইজার (আমদানি) ছিলেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী সানোয়ার হোসেন লাভলু জানান, 'আদালত তাকে একইসঙ্গে রায়ে এক কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড এবং মামলার বিবরণীতে উল্লেখিত সম্পদ রাষ্ট্রের অধীনে বাজেয়াপ্ত করার কথা বলেছেন।'
দুদকের আইনজীবী বলেন, 'অজ্ঞাত সূত্র থেকে অবৈধভাবে ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ৭ অক্টোবর হুমায়ুন কবিরের বিরুদ্ধে চট্টগ্রামের ডবলমুরিং থানায় একটি মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক সাঈদ ইকবাল হোসেন।
দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক (ডিডি) লতফুল কবির চন্দন মামলাটি তদন্ত করে গত ৬ আগস্ট ২০১৮ তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন।