দুর্নীতির মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র কারাগারে, সড়ক অবরোধ
দুর্নীতির মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদেরকে কারাগারে পাঠানোয় মেয়রের সমর্থকরা বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন।
প্রকল্পের টাকা আত্মসাৎ ও নিয়োগ দুর্নীতির অভিযোগে গত বছর ২৫ নভেম্বর মেয়র খান হাবিবুর রহমান ও সাবেক পৌর সচিব রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুইটি মামলা করে। আজ বুধবার আসামিদের জামিন আবেদনের শুনানি ছিল। দীর্ঘ শুনানির পর বাগেরহাটের জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী নকিব শফিউল ইসলাম, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপুসহ শতাধিক আইনজীবী। দুদকের পক্ষে ছিলেন মিলন কুমার ব্যানার্জি।