দুর্নীতি মামলায় প্রদীপের বিরুদ্ধে বিচার চলতে বাধা নেই

স্টার অনলাইন রিপোর্ট

৩ কোটি ৮৫ লাখ টাকার দুর্নীতির মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে নিম্ন আদালতের বিচার কার্যক্রম চলতে বাধা নেই।

মামলা বাতিলে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাসের দায়ের করা আবেদন আজ মঙ্গলবার হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।

রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের এই আদেশের পর দুর্নীতির মামলায় প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিচার কার্যক্রম চালিয়ে যেতে সংশ্লিষ্ট নিম্ন আদালতের কোনো আইনি বাধা থাকলো না।

প্রদীপের আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী হাইকোর্টকে জানান, তার মক্কেল আবেদন নিয়ে 

তবে এ বিষয়ে আইনজীবী মুনসুরুল হক চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

গত বছরের ১৫ ডিসেম্বর এই মামলায় প্রদীপ কুমার দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন চট্টগ্রামের একটি আদালত।

৩ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন ২০২০ সালের ২৩ আগস্ট কমিশনের চট্টগ্রাম কার্যালয়-১-এ তাদের বিরুদ্ধে মামলাটি করেন।