দেশের প্রথম ইয়াবা মামলায় ১ জনের যাবজ্জীবনসহ ৫ আসামির সাজা

স্টার অনলাইন রিপোর্ট

প্রায় ২০ বছর আগে দেশে প্রথমবার ইয়াবা জব্দ হওয়ার ঘটনায় দায়ের হওয়ায় মামলায় এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও চার আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার পরিবেশ আপিল আদালতের (বিশেষ দায়রা আদালত) বিচারক এস এম এরশাদুল আলম আজ দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আসামিদের মধ্যে যাবজ্জীবন সাজা পেয়েছেন শফিকুল ইসলাম জুয়েল। তাকে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের সাজা দেন আদালত।

তিন বছরের সাজা পাওয়া চার আসামি হলেন—রফিকুল ইসলাম, শামসুল ইসলাম, সোমনাথ সাহা ও এনরান হক। তাদেরকে আরও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের সাজা দেন আদালত। এদের মধ্যে শামসুল, সোমনাথ ও এনরান পলাতক।

২০০২ সালের ১৮ ডিসেম্বর গুলশানের নিকেতনে প্রথম ইয়াবার একটি চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম জুয়েল ওই অভিযানে গ্রেপ্তার হন। পরদিন অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক গুলশান থানায় মামলা করেন। ২০০৩ সালের ১৪ জানুয়ারি পরিদর্শক হেলাল উদ্দিন ভুইয়া এই মামলায় অভিযোগপত্র দেন। ২০১০ সালের ৫ এপ্রিল আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।