ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আল মামুনের বিচার শুরু
ঢাকার লালবাগ থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী অভিযোগ গঠন করেন এবং আগামী ৬ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী বাদী হয়ে লালবাগ থানায় ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ ও অন্যদের বিরুদ্ধে ধর্ষণে সহায়তা ও মেসেঞ্জার গ্রুপে কুৎসা রটানোর অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বলা হয়, ওই বছরের ৩ জানুয়ারি মামুন ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন।
২০২১ সালের ১৬ জুন হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক আসলাম উদ্দিন মোল্লা।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে নুরুল হক নুর ছাড়াও নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, নাজমুল হুদা এবং আবদুল্লাহ হিল বাকীকে অব্যাহতির সুপারিশ করা হয়।
গত ৩ নভেম্বর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৫ জনকে অব্যাহতির আদেশ দেন আদালত।