ধাতব সরস্বতী মূর্তিসহ পাচারকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে একটি ধাতব (দেখতে স্বর্ণের মতো) সরস্বতী মূর্তিসহ চোরাচালানকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়। এরপর আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাদের জেল হাজতে পাঠানো হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোদা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম সরকার।

গ্রেপ্তার ১০ আসামি হলেন, নীলফামারীর ডোমার উপজেলার খামার বামুনিয়া-ডেপিরপাড় গ্রামের জীবন চন্দ্র রায় (৩০), একই উপজেলার বড়রাউতা গ্রামের আবু হানিফ (৪০), জিয়ারুল ইসলাম (২৮), ফারুক ইসলাম (৩৪), রেজাউল ইসলাম (৩০), আব্দুল গফুর (৪৫), চিকনমাটি-বসতপাড়া গ্রামের আবু তালেব (৪৮), মাহিগঞ্জ-বাগডোকরা গ্রামের শরৎ চন্দ্র রায় (২০), চিলাই গ্রামের ফরহাদ হোসেন (৩৪) ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খুটামারা-সরকারপাড়া গ্রামের বিরেশ চন্দ্র রায় (২১)।  

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাত ২টার দিকে একদল চোরাকারবারী স্বর্ণের সরস্বতী মূর্তি বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বোদা উপজেলার মাড়েয়া বাজারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বোদা থানা পুলিশ। পুলিশ অভিযানে পাচারকারী চক্রের ১০ সদস্যকে আটক করতে পারলেও সেখান থেকে ৫ জন পালিয়ে যায়। এ সময় পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া একটি লাল রঙের শপিং ব্যাগে খবরের কাগজে মোড়ানো একটি স্বর্ণ সাদৃশ্য সরস্বতী মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য ৬ দশমিক ৫০ ইঞ্চি। যার ওজন ৪৬ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট। এ ছাড়া মূর্তির সঙ্গে ৮টি পাপড়ি বিশিষ্ট একটি পদ্মফুল আকৃতির স্ট্যান্ড রয়েছে। যার ওজন ৩২ ভরি ৭ আনা। আটকৃতদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল ও বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইলফোন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বোদা থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন মঙ্গলবার বিকেলে বাদী হয়ে আটক ১০ জন ও পলাতক ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২ জনকে আসামি করে বোদা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে স্বর্ণ সাদৃশ্য সরস্বতী মূর্তি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার, পুরাকীর্তি জালিয়াতি এবং সরল বিশ্বাস ভঙ্গ করে প্রতারণামূলক টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আটককৃতদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। তবে রিমান্ড শুনানি হয়নি।

এ ছাড়া উদ্ধার হওয়া স্বর্ণ সাদৃশ্য সরস্বতী মূর্তিটি কীসের তৈরি তা জানার জন্য আদালতের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হবে।