ধামরাইয়ে অবৈধ পার্কিং টোল বন্ধের নির্দেশ, মেয়রকে কারণ দর্শানোর নোটিশ
ঢাকার ধামরাইয় পৌরসভা এলাকার রাস্তায় গাড়ি থেকে ইজারার নামে পার্কিং টোল আদায় বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এ ছাড়া, পার্কিং টোল আদায় বন্ধে ২০১৫ সালের ৩ ডিসেম্বর সরকারের নির্দেশনা অমান্য করার ঘটনায় মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেনের সই করা ২টি চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, ধামরাই পৌরসভার ইজারার নামে মহাসড়কে বিজ্ঞপ্তি ও সড়কে চলমান গাড়ি থেকে পার্কিং টোল আদায়ের অভিযোগ উঠেছে। এই অর্থ আদায় বন্ধ করে বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে জানাতে বলা হয়েছে।
অপর চিঠিতে বলা হয়, ধামরাই পৌরসভায় চলমান গাড়ি থেকে ইজারাদাররা যে অর্থ আদায় করছে তাতে ২০১৫ সালের ৩ ডিসেম্বর সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করা হয়েছে।
চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশের বিষয়টি নিশ্চিত করে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি জবাব দিতে যাব কেন? জবাব দেবে মন্ত্রণালয়। আমাকে চিঠি কেন দেবে?'
তার দাবি, ধামরাই পৌরসভার পক্ষ থেকে স্থানীয় আঞ্চলিক সড়কে পার্কিংয়ের টোল ছাড়া মহাসড়ক থেকে টোল আদায় করা হয় না।
