নরসিংদীর ২ সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন নরসিংদীর ২ সাংবাদিক।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসশামস জগলুল হোসেন এ মামলা থেকে ২ সাংবাদিককে অব্যাহতি দেন। 

অব্যাহতি পাওয়া দুই সাংবাদিক হলেন- অনলাইন নিউজ পোর্টাল 'নরসিংদী প্রতিদিন'-এর সম্পাদক ও প্রকাশক শাওন খন্দকার শাহিন (৩২) এবং নরসিংদী থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক 'গ্রামীণ দর্পণ'-এর নিজস্ব প্রতিবেদক শান্ত বণিক (৩৫)। 

জানা গেছে, ২০২০ সালের ৩০ এপ্রিল নরসিংদীর ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বাদী হয়ে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ৭ অক্টোবর মামলা থেকে অব্যাহতি পান 'দৈনিক গ্রামীণ দর্পণ'-এর বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ এপ্রিল বিকেলে ঘোড়াশাল পুলিশের হেফাজত থেকে ‍ফিরে মারা যান সিএনজিচালিত অটোরিকশা চালক মান্নান (৪০)। 

মান্নানের স্বজনরা অভিযোগ করেন, লকডাউনের সময় সিএনজি নিয়ে সড়কে বের হওয়ায় মান্নানকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ। এ ঘটনায় মান্নানের স্বজন ও স্থানীয় অটোরিকশা চালকেরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এই বিষয়ে সংবাদ প্রকাশের পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ।