নামসর্বস্ব অফিস নিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা, রাজধানীতে গ্রেপ্তার ৭

স্টার অনলাইন রিপোর্ট

চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তরখান এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গত ৬ মাসে এই চক্রটি অন্তত ৭০০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করেছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ সোমবার র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার আবদুল্লাহ আল মোমেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-১ এর একটি দল গতকাল ঢাকার উত্তরখান এলাকায় সিনথিয়া সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের একটি অফিসে অভিযান চালায়। দেখা যায় নামসর্বস্ব এই অফিসটির কোনো কার্যক্রম নেই।

এ সময় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামসুন্নাহার মায়া, মহাব্যবস্থাপক জুয়েল মিয়া, ডেপুটি জিএম কামরুজ্জামান, রিসেপশনিস্ট ফারহানা ইয়াসমিন এবং মার্কেটিং অফিসার মেহেদী হাসান, আল মামুন ও তাজবীর হাসানকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ৫টি ভুয়া নিয়োগপত্র ও ৮০ জন চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত জব্দ করা হয়।

মোমেন বলেন, 'এই চক্রটি দেহরক্ষী, হাউস ম্যানেজার, তত্ত্বাবধায়ক, নিরাপত্তা তত্ত্বাবধায়ক এবং নিরাপত্তা প্রহরী পদের জন্য বিজ্ঞাপন দিতো। চাকরিপ্রার্থীরা আবেদন করা পর ইন্টারভিউ নেওয়া হতো। পরে চাকরিপ্রার্থীদের কাছ থেকে নিরাপত্তা জামানত ও প্রশিক্ষণের কথা বলে সাড়ে ১২ হাজার টাকা করে নেওয়া হতো।'

'চক্রটি মাসিক ১০-১৫ হাজার টাকা বেতনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতো। কিন্তু পরবর্তীতে চাকরিপ্রার্থীদের নতুন চাকরিপ্রার্থী খুঁজে বের করতে বলতো এবং নতুনদের জমার ভিত্তিতে তারা বেতন পাবে বলে জানাতো,' যোগ করেন তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চাইলে তারা কোনো টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাত দিত।

তিনি বলেন, 'গত ৬ মাসে এই চক্রটি প্রায় ৭০০ জনের সঙ্গে প্রতারণা করেছে।'