নারায়ণগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সদর উপজেলায় নিজের ঘর থেকে গৃহবধূ মমতাজ বেগমের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার শাসনগাও এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মমতাজ বেগম একই এলাকার বশির উদ্দিনের মেয়ে। আটক স্বামী রংপুর শেখপাড়া গ্রামের সাধু মিয়ার ছেলে আতাউর রহমান (৪০)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘরের মেজেতে পড়ে থাকা অবস্থায় মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় নিহতের স্বামী আতাউর রহমানকে আটক করা হয়েছে।'

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও বলেন, 'মমতাজ বেগম প্রায় ১০ বছর আগে আতাউর রহমানকে বিয়ে করেন। মাঝে-মধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। সেসময় মমতাজকে মারধর করে ঘরে ফেলে রেখে পালিয়ে যান আতাউর রহমান। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানায়।'

দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয় উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।