নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা: গ্রেপ্তার ৮ জন রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে 'দৈনিক সময়ের নারায়ণগঞ্জ' পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৮ জনকে একদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সদর থানা পুলিশ গ্রেপ্তার ৮ জনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন আদালতে। শুনানি শেষে প্রত্যেকের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদলত।'

গ্রেপ্তারকৃতরা হলেন--শ্যামল সাহা লক্ষণ, কৃষ্ণা ওরফে কৃষ পাল, মো. নাসির হোসেন, মো. ইব্রাহিম, লিটন দাস, মো. ফয়সাল, মো. হাসিব ও বিল্লাল হোসেন।

গতরাত ১২টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় সদর মডেল থানায় মামলা করেন 'দৈনিক সময়ের নারায়ণগঞ্জ' পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ জুয়েল।

পরে রাত থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পত্রিকার সম্পাদক বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলায় অফিসে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে।'

মামলায় আসামিরা হলেন, নাসির (৩৫), আক্তার নূর (৪৫), রবিন (২৯), রাতুল (২৫),  মনির (২৮), শ্যামল সাহা লক্ষণ (২৬), কৃষ্ণা সাহা (২৬), মুকিত (২৯), মো. নাসির হোসেন (৩১), শাকিল (৩০), সুমন (৩১), সানি (৩২), সনেট (২৭), আন্নান (২৯), কাজল (৩২), রুবেল (২৭), সিনাফী (৩১), ফারুক (৩৫), ইসমাইল (৩১)।

তবে এখনও ধরা পড়েনি মামলার প্রধান আসামি নাসির ও আক্তার নূর। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চাষাঢ়ায় স্থানীয় পত্রিকা 'দৈনিক সময়ের নারায়ণগঞ্জ' অফিসে হামলা হয়। শুক্রবার পত্রিকাটিতে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশের জেরে এই হামলা হয় বলে অভিযোগ করেন পত্রিকাটির সম্পাদক।

দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল দ্য ডেইলি স্টারকে বলেন, 'হামলাকারীরা প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সমর্থক। ত্বকীর ওই নিউজে আজমেরী ওসমানের নাম ছিল। সেজন্যই তারা এসে এ হামলা চালায়।'