নারায়ণগঞ্জে মাইক্রোবাস চালককে গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম (৩০) নামে এক মাইক্রোবাসচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, মাইক্রোবাস ছিনিয়ে নিতে চালককে হত্যা করা হয়েছে।

আজ সোমবার ভোরে উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুশাব এলাকার কুড়িল বিশ্বরোড পূর্বাচল হাইওয়ে (৩০০ ফিট রাস্তা) থেকে পুলিশ সাইদুলের মরদেহ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সাইদুলের বাড়ি গাজীপুরের বালিগাঁও এলাকায়। তার বাবার নাম নাজিম উদ্দিন।

তিনি বলেন, আনুমানিক ভোররাত ৩টায় মাইক্রোবাসের ভেতরে রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানায়। সাইদুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ধস্তাধস্তির চিহ্নও আছে। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে ছিনতাইকারীরা তার মাইক্রোবাসে উঠে। ৩০০ ফিট এসে ছিনতাইকারীদের সঙ্গে সাইদুলের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে সাইদুলে গলায় এবং বুকের বাম পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মাইক্রোবাসের চাকা রাস্তার ঢালে বালুতে আটকে যাওয়ায় ছিনতাইকারীরা মাইক্রোবাস ফেলে রেখে পালিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য সকালে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনো কাউকে আটক করা হয়নি। পুলিশ তদন্ত করছে, বলেন আব্দুর রহিম।