নাশকতা মামলায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি কারাগারে

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

নাশকতার মামলায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২০১৮ সালে রেললাইনে নাশকতার মামলায় আজ রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মানিক। আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন চাঁদপুর জেলা দায়রা ও জজ এস এম জিয়াউর রহমান।

চাঁদপুর মডেল থানায় হওয়া মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ অক্টোবর চাঁদপুর শহরের বকুলতলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ককটেল নিক্ষেপসহ রেললাইনের ক্ষতির চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তৎকালীন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ সেলিমসহ ২৫ জনের নামে ও অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে নাশকতা মামলা করে।

মানিকের আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম বলেন, ওই মামলায় জেলা বিএনপির বর্তমান সভাপতি শেখ ফরিদ আহম্মেদ ওরফে মানিকের নাম ছিল না। ২০২১ সালে দেয়া মামলার চার্জশিটেও মানিকের নাম ছিল না।

তিনি বলেন, পুলিশের একটি গায়েবি মামলায় আজ মানিককে ওই মামলায় আসামি দেখিয়ে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে বিচারক তাকে জেলহাজতে পাঠান।

জামিন নাকচের পর আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ করে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রনজিৎ রায় চৌধুরী।