নাহিদ হত্যা: ২ দিনের রিমান্ড শেষে ৫ আসামি কারাগারে
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে নাহিদ মিয়া নিহতের মামলায় ২ দিনের রিমান্ড শেষে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তারা হলেন, আব্দুল কাইয়ুম (২৪), পলাশ মিয়া (২৪), মাহমুদ ইরফান (২৪), ফয়সাল ইসলাম (২৪) ও জুনায়েদ বুগদাদি (১৯)।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল আলম জুয়েল তাদের ফরোয়ার্ডিং রিপোর্টসহ আদালতে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফয়সাল হত্যার সঙ্গে জড়িত নয় তার আইনজীবী এমন আবেদন করলে, ম্যাজিস্ট্রেট ফয়সালের জামিনের আবেদন খারিজ করে দেন।
আদালতে অন্য ৪ জনের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।
ফরওয়ার্ডিং রিপোর্টে মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, ৫ অভিযুক্তই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা যাচাই করা হচ্ছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে বন্দি রাখতে আদালতের কাছে আবেদন করেন তিনি।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তাদের কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

