নিখোঁজের ২ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে রেললাইনের পাশ থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত হাসিবুর রহমান সাগর (১৯) বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন।'

তিনি জানান, সাগর বেলপুকুর এলাকার সাহাদ আলীর ছেলে ও বেলপুকুর আইডিয়ার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সাহাদ আলী ডেইলি স্টারকে বলেন, 'সাগর বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে বেড়াতে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি।'

ওইদিন রাতেই তিনি বেলপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ সকাল ১০টার দিকে আত্মীয়রা রেললাইনের পাশে সাগরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বেলপুকুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মরদেহের আলামত সংগ্রহের জন্য সিআইডিকে জানায়। পরে রাজশাহীর সিআইডি টিম এসে মরদেহের আলামত সংগ্রহ করে।

কিন্তু ঘটনাস্থল ঈশ্বরদী রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় দুপুর ১২টার দিকে ঈশ্বরদীর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ইশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিক তদন্ত শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।'

পুলিশ জানায়, সাগরের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে।