নিপুণ আদালত অবমাননা করেই যাচ্ছেন: জায়েদের আইনজীবী
চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানের আইনজীবী হাইকোর্টে বলেছেন, 'আপিল বিভাগের আদেশ অমান্য করে অভিনেত্রী নিপুণ আক্তার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফএএ) সাধারণ সম্পাদকের পদে বসে ক্রমাগত আদালত অবমাননা করেছেন।'
আজ মঙ্গলবার জায়েদ খানের আইনজীবী হাইকোর্টে এসব কথা বলেন।
গত ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দুপক্ষের বহাল থাকার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথী হাইকোর্টকে জানান, গত ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে জায়েদ খানের করা রিট আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত চেম্বার জজের আদেশ বহাল রাখেন।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আইনজীবীদের বলেন, রিট আবেদনের বিষয়বস্তুর সঙ্গে তাদের অভিযোগের কোনো সম্পর্ক নেই।
হাইকোর্ট বেঞ্চ আবারও শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।
জায়েদ খানের প্রার্থীতা বাতিল এবং নিপুণকে সমিতির সাধারণ সম্পাদক ঘোষণার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের ভার্চুয়াল শুনানির সময় নিপুনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মুস্তাফিজুর রহমান খান।