নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ইউপি সদস্যের ভাইয়ের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ইউসুফ আলী (৪৩) মারা গেছেন।
আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এ তথ্য নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মিলকি জানিয়েছেন, ইউসুফ রাজানগর ইউপির নবনির্বাচিত সদস্য আবু তৈয়বের ভাই। গত২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আবু তৈয়ব জয়ী হন।
নিহতের পরিবারে অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি রানিরহাট বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় তৈয়বের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজগর আলী ও তার সমর্থকরা ইউসুফের ওপর হামলা চালায়।
গত ৬ ফেব্রুয়ারি ইউসুফের স্ত্রী শাহিনুর আক্তার রাঙ্গুনিয়া থানায় আজগর আলীসহ ১১ জনকে আসামি করে মামলা করেন।
ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।