নোয়াখালীতে যুবলীগ কর্মীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণের ভিডিও ধারণ, হত্যার হুমকি
নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনের বিরুদ্ধে। এছাড়াও ধর্ষণের ভিডিও ধারণ এবং গৃহবধূকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী।

ভুক্তভোগী নারী জানান, সন্তানকে নিয়ে সংসার চালাতে একটি চাকরির খুব দরকার ছিল। চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আবু তোরাব গ্রামের বাসিন্দা ও পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আল মতিন (৩৮) একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরির আশ্বাস দেন। শনিবার সকালে ফোন করে ফুয়াদ আল মতিন তাকে ওই অফিসে যেতে বলেন। সেখানে মতিন তাকে ধর্ষণ করেন। মতিনের সহযোগী ধর্ষণের ভিডিও ধারণ করেন। এ ঘটনা পুলিশকে জানালে তাকে হত্যা এবং ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সেখান থেকে পালিয়ে নোয়াখালী সুধারাম মডেল থানায় ওসির কাছে এসে ঘটনার বিষয়ে জানালে তিনি ওই নারীকে হাসপাতালে পাঠান।

এই বিষয়ে নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফুয়াদ আল মতিন যুবলীগ কর্মী তবে তিনি কোনো পদে নেই। তার অপকর্মের দায় যুবলীগ বহন করবে না।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, বেলা ২টার দিকে ভুক্তভোগী নারী থানায় এসে তাকে জানান। তার শারীরিক অবস্থা এতই গুরুতর ছিল যে তাকে আমি নারী পুলিশের মাধ্যমে হসপিটালে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের বলেন, অভিযুক্ত মতিনকে ধরতে পুলিশ মাঠে রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।