নোয়াখালী ডিসি অফিস থেকে টেন্ডার ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক নারীর হাত থেকে টেন্ডার শিডিউল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিক গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের লোকজন ৫ জনকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার শাখায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুমি আক্তার অভিযোগ করে বলেন, 'মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখায় বেগমগঞ্জের ২৬টি হাট-বাজারের ১ বছরের ইজারার টেন্ডার জমা দেওয়ার তারিখ ছিল। দিনের শুরুতে কয়েকটি টেন্ডার জমা পড়ে। দুপুর ১২টার দিকে আমি আমার ভাই মো. সোলাইমানের নামীয় বেগমগঞ্জের একলাশপুর বাজারের ইজারার টেন্ডার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার টেন্ডার বক্সে টেন্ডার সিডিউল জমা দিতে গেলে কয়েকজন যুবক আমার হাতে থাকা দরপত্র ও ৫ লাখ টাকার ব্যাংক ড্রাফট ছিনিয়ে নিয়ে যায়।'

এরপর এক যুবক ছিনিয়ে নেওয়া টেন্ডার ও সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান তিনি।

তিনি বলেন, 'এ সময় আমার সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে টেন্ডার জমা দিতে আসা লোকজনের মধ্যে। তাৎক্ষণিক আমি বিষয়টি জেলা প্রশাসনের কর্মকর্তাদের জানালে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৫ জন আটক করা হয়।'

তার ভাই মো. সোলায়মান বলেন, 'আমি একলাশপুর বাজারে গাছের ব্যবসা করি। ওই বাজার ইজারা নেওয়ার জন্য ১৬ লাখ ৫ হাজার টাকার একটি শিডিউল কিনি। আমার বোন আমার পক্ষে টেন্ডার বাক্সে শিডিউল জমা দেওয়ার সময় কয়েকজন যুবক টেন্ডার শিডিউল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।'

ডিসি অফিসের ৩ তলার সিসি ক্যামেরা খতিয়ে দেখলে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা যাবে, বলেন তিনি।

এ ঘটনায় তিনি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

এ ছাড়াও, টেন্ডার জমা দিতে আসা আরেকজনের টেন্ডার ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার খবরও পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ ডেইলি স্টারকে বলেন, 'যাদের আটক করা হয়েছে তারাই ঠিক এটা করেছে কি না, আমরা ধরতে পারিনি। তবে টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা ৫ জনকে বন্ড নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।'

জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, 'টেন্ডার ছিনতাই হয়নি। বাইরে ঝামেলা হইছে। এ জন্য তাদের আটক করা হয়েছে।'

তবে টেন্ডার প্রক্রিয়া শেষে টেন্ডার ছিনতাইয়ের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে বলে জানান তিনি।